বাগেরহাটে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুই আরোহী। আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চাড়ার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মিজান জমাদ্দার (৩৫) ও রাব্বি খান (২৫)। মিজান বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে ও রাব্বি একই এলাকার ফারুক খানের ছেলে।

আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের মধ্যে রাব্বি ভাড়াটে মোটরসাইকেল চালক। বাকি তিনজনই সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। একটি মামলায় আদালতে হাজিরা দিতে বাগেরহাটে যাচ্ছিলেন তারা।

এসব তথ্য নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রুমেল বলেন, আজ সকালে দুর্ঘটনায় আক্রান্ত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন মৃত। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের বাস দক্ষিণ বাংলা ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হতাহতের ঘটনা ঘটে। মোটরসাইকেলকে চাপা দেয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রক্রিয়ায় রয়েছে আইনগত ব্যবস্থা।