প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের
কল্যাণ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ
ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান। তিনি বলেন, সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত
করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কোনো সম্প্রদায়কে পেছনে রেখে
দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজ মঙ্গলবার
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৩তম বোর্ড
সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরিদুল হক খান বলেন, ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রস্তাবিত ‘প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা
কার্যক্রম-তৃতীয় পর্যায়’ শীর্ষক প্রকল্পের
অনুমোদন প্রক্রিয়া শুরু করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের
কার্যক্রম সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়। প্রতিমন্ত্রী নবগঠিত বৌদ্ধ
ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিদের বৌদ্ধ সমপ্রদায়ের কল্যাণে আরও
বেশি নিবেদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাহলে দেশের
সামগ্রিক উন্নয়নে বৌদ্ধ সমপ্রদায়ের অনুসারীরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এর আগে নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিরা
বোর্ডের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।











