রাজধানীর তিতুমীর কলেজের গেটের সামনের রাস্তায় ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পৃথক এ তিনটি ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ।

তিনি জানান, মহাখালীর আমতলী মোড় এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে তিতুমীর কলেজের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

এর আগে, গতকাল সন্ধ্যার পর থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সঙ্গে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাতে সরেজমিনে রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরে পুলিশের চেকপোস্ট দেখা গেছে। সে সঙ্গে, সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও। আজ সকালেও রাজধানীর নানা সড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশির দৃশ্য দেখা গেছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।