রমজান সামনে রেখে পেঁয়াজ, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কারণে সরকার বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করতে চায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি-চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল, দুই দেশের ব্যবসায়ীদের সম্পৃক্ততা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার দেশের মানুষের জন্য চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও ডালের মতো গুরুত্বপূর্ণ পণ্য ভর্তুকি মূল্যে বিতরণ করে। এসব উদ্যোগ মানুষের জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপদেষ্টা বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। এটি দেশগুলোর সম্পর্ক আরো জোরদার করতে ভূমিকা রাখবে।
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এই সম্পর্ক আরো দৃঢ় করতে পারে।
রাষ্ট্রদূত জানান, এরই মধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। এতে সময় ও খরচ কম হওয়ায় উভয় দেশ উপকৃত হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে পেঁয়াজ, চিনি ও খেজুর রফতানিতে আগ্রহী। পাশাপাশি গম উদ্বৃত্ত হলে সেটিও বাংলাদেশে রফতানিতে অগ্রাধিকার দেয়া হবে।
সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।










