বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার এবং নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিতের দাবি জানান।

রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

মানববন্ধনে বক্তারা বলেন, গত চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। আদালত একটি পাবলিক প্লেস হওয়ায় বিচার কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা। এ অবস্থায় আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেয়া কেবল পেশাগত প্রতিবন্ধকতা নয়, বরং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদ প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বক্তারা আরো বলেন, যুগ যুগ ধরে গণমাধ্যমকর্মীরা আপিল বিভাগের এজলাস কক্ষে অবাধ প্রবেশের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। কিন্তু প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেয়ার পর এজলাস কক্ষে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। অবাধ তথ্য প্রবাহ এবং স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখা রাষ্ট্র ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তাই সুপ্রিম কোর্টের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না। এ সময় ছিলেন এসআরএফের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, দফতর সম্পাদক মাঈনুল আহসান, কার্যনির্বাহী কমিটির সদস্য দিদারুল আলম, সৈয়দা সাবরিনা মজুমদারসহ সুপ্রিম কোর্টে বিটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী।