বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও সিডিও ইয়ুথ টিম গতকাল এ সভার আয়োজন করে। এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা শ্যামনগর শহর প্রদক্ষিণ করে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জীবনের উৎস হলেও পানি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় কোনো উদ্যোগ নেই বরং অপরিমিত রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে মাটির গুণাবলি ধ্বংস করা হচ্ছে। এতে মাটির বন্ধ্যত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাটি হারাচ্ছে উর্বরা শক্তি। খাদ্যশস্যের শতকরা ৯৫ শতাংশ ভূমিতে উৎপাদিত হলেও আমরা মাটি ও পানির কথা ভুলে যাচ্ছি। মাটি ও পানিকে বাদ দিয়ে জীবন অকল্পনীয় হলেও মাটির স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেয়া হচ্ছে না। সেই সঙ্গে জলবায়ুর পরিবর্তন এ সংকট ঘনীভূত করে তুলছে। এজন্য এখনই মাটির স্বাস্থ্য সুরক্ষা ও পানির অপচয় রোধে উদ্যোগ নিতে হবে।’

সভায় শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, শিক্ষক রণজিৎ বর্মণ, বঙ্গবন্ধু কৃষিপদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, বারসিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদা প্রমুখ।