বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠের পোল এলাকায় বাসের ধাক্কায় ট্রলি চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় ট্রলিটি উল্টে যায়। এ সময় নিহত হন বাকেরগঞ্জের কবিরকাঠির জহিরুল তালুকদার (২৫), বায়েজিদ হাওলাদার (২৫) ও বাখরকাঠির রাকিব (২৩)। 

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আলাউদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রলি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।