মাগুরার শালিখা থেকে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইক চালক আলামিন (২২) মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। গতকাল দুপুরে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে  লিচুবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার মাগুরার সীমাখালী থেকে যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ সূত্র ও শালিখা এলাকার ইজিবাইক চালক ইমরান হোসেন জানান, আলামিন গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা ওই দিন মাগুরার শালিখা ও বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে এলাকায় মাইকিংও করেছিলেন তার স্বজন।

বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল জানান, শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। তবে ইজিবাইকে ব্যাটারি ছিল না। গতকাল দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।