প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। জনগণ যতক্ষণ সমর্থন দেবে আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। এর থেকে এক বিন্দুও এদিক-ওদিক হবে না।

আজ শনিবার বিকাল পৌনে ৫টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা করেন।

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া শুরু করেছি, যখন ইমাম-মোয়াজ্জিনদের রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেয়া শুরু করেছি, বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি- তখন কিছু সংখ্যক মানুষ এ নিয়ে বিভ্রান্তিকর কথা বলছে। এর বিরোধীতা শুরু করেছে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। তাই আজ পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, আমরা এক এক করে সেই কাজগুলো বাস্তবায়ন করব, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি এ কাজ বাধাগ্রস্ত করতে চায়, আমাদের কিছু করা লাগবে না, বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা অবশ্যই রুখে দেবে। তাই আসুন, যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আমরা সেসব কাজে নেমে পড়ি।

তিনি বলেন, আজকে এ ‘বিশ্ব খাল’ পুনঃখননে আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই এলার্ট থাকব, সচেতন থাকব। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দেব না।

প্রধানমন্ত্রী উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে খাল খনন কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে, মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবার যে পরিকল্পনা সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সব কর্মসূচি নিয়েছি সেগুলো যাতে বাধাগ্রস্ত করতেন না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে।

দেশ গঠনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের সামনে উদ্দেশ্য, লক্ষ্য একটাই। এ দেশকে পুনর্গঠন করতে হবে, এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সেই কাজ আমরা শুরু করেছি। বিএনপি সব সময় একটি কথা বলে থাকে, জনগণই হচ্ছে বিএনপির সব রাজনৈতিক শক্তির উৎস এবং সেই জন্যই জনগণকে সঙ্গে নিয়ে আমরা এসব কর্মসূচি শুরু করেছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। জনগণ যতক্ষণ সমর্থ দেবে আমরা জনগণের জন্য কাজ করে যাব।

সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন আজকে এ খাল পুনঃখনন কর্মসূচি থেকে আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই, তা হচ্ছে এ দেশ আমাদের দেশ। এ দেশকে ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। কাজেই এখন আমাদের এ দেশকে গড়ে তোলার পালা। আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশাআল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

স্থানীয় সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অনুষ্ঠানে বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে নিজে কোদাল দিয়ে মাটি কেটে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।