ইসলাম ধর্ম ও
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তথ্যপ্রযুক্তি
উপদেষ্টা নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে একটি
মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম
আহ্বায়ক হাফেজ মো. সাইফুদ্দিন।
মামলার অভিযোগে
বলা হয়, গত ১৫ আগস্ট মো. হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের
একটি ভিডিও বক্তব্য প্রকাশ করা হয়। ভিডিওটিতে ইসলাম ধর্ম ও প্রধান উপদেষ্টা ড.
ইউনূস এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে কটূক্তি করা হয়। ভিডিওটি ফটিকছড়ির
বাসিন্দা মোকতার হোসেন পরিচালনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর আইনজীবী
নাসির উদ্দিন আহমদ খাঁন রনি জানান, ভিডিওটি ইসলাম ধর্মকে অবমাননা করে এবং মুসলিম
সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও দাঙ্গা সৃষ্টির জন্য উসকানিমূলক বক্তব্য প্রদান
করে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টার প্রতি অশালীন
মন্তব্য করা হয়।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী মামলাটি গ্রহণ করে পুলিশ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।










