ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সবগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলা ভিত্তিক নির্বাচন হবে। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে হবে। এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো, বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে।
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি কমিশন নির্ধারণ করবেন। এটি আমি জানি না।
স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, পোস্টার থাকবে না, যতটুকু জানি। এছাড়াও কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে।ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক হবে: ইসি সচিব










