তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সাবেক সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে দেয়া সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। সাইবার ট্রাইব্যুনালের দেয়া এ রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেন।
রায়ের পর আদিলুর ও নাসিরের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেয়া সাজার রায় বাতিল করা হয়েছে। ফলে তারা ওই মামলার দায় থেকে সম্পূর্ণ খালাস পেলেন। এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। মিথ্যা পরাজিত হয়েছে।’
২০১৩ সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ দমনসংক্রান্ত ঘটনায় অধিকারের প্রকাশিত তথ্যকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি হয়। গত বছরের ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। সাইবার ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর ও নাসির। তখন তারা কারাগারে ছিলেন।
গত বছরের ১০ অক্টোবর হাইকোর্ট আদিলুর ও নাসিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করেন। গত ১৫ অক্টোবর তারা জামিনে কারামুক্ত হন। অন্যদিকে এ মামলায় আদিলুর ও নাসিরের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে। আদিলুর ও এলানের আপিলের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করে গতকাল রায় দেন হাইকোর্ট।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘অসত্য তথ্য প্রচার’-এর অভিযোগে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এ মামলায় আদিলুর রহমানকে ২০১৩ সালের ১০ আগস্ট গ্রেফতার করা হয়।
আদিলুর রহমান খান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন।










