একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এ দম্পতিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় বলা হয়, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় গতকাল বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।
পুলিশের দেয়া তথ্যমতে, শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি ২১ আগস্ট দায়ের করা হয়। উত্তরা পূর্ব থানার এ মামলাটি দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় দায়ের করা হয়।










