ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ সাতজনের ছয়জনই একই পরিবারের। এ দুর্ঘটনায় আহত হন আরো দুজন। গতকাল বেলা ১টার দিকে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনদিনের একটি শিশু রয়েছে। এ ঘটনায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় প্রাণ যায় তিনদিনের শিশু, তার মা মাসুমা আক্তার (৩০), স্বামী মাওলানা ফারুক হোসেন (৪০), ফারুকের ভাই নিজাম উদ্দিন (৩৮), ফারুকের ভাবি জোসনা আক্তার (৩৫), ফারুকের বোন জুলেখা খাতুন ও চালক রাকিবুল ইসলাম (২৫)। সিএনজি চালকের বাড়ি ময়মনসিংহ সদরের লক্ষ্মীপুর গ্রামে, অন্যদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানায়।

স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান ছয় যাত্রী।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান বলেও জানান তিনি।

এছাড়া গতকাল সড়ক দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে ও দেয়ালচাপায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

পাবনা: পাবনার ঈশ্বরদীতে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুজন নির্মাণ শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আ. খালেক (৩৩) ও একই উপজেলার মসলেমপুর পশ্চিমবাহিরচর গ্রামের আজগর আলির ছেলে আনিছুর রহমান (৪৪)। নিহতরা প্রকল্পে নিয়োজিত ম্যাক্স কোম্পানির শ্রমিক ছিলেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্যালো মেশিনচালিত একটি নসিমনে করে পাঁচজন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুর প্রকল্পে কর্মস্থলে রওনা হয়। নসিমনটি লালনশাহ সেতুর পাকশী টোল প্লাজার গোলচত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খালেক নামের এক শ্রমিক মারা যান। অন্যদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

ফেনী: ফেনীতে দেয়ালচাপা পড়ে হাবিবুর রহমান (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে ফেনী শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই এলাকার উকিল বাড়িতে শ্রমিকরা ফ্লোর (মেঝে) ঢালাইয়ের জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় হঠাৎ পাশের সীমানাপ্রাচীর ধসে শ্রমিকদের ওপর পড়ে।

গাজীপুর: গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মহানগরীর বাসন নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম (২২) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাংশা গ্রামের আব্দুর করিমের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরের খাবার শেষে বাইসাইকেলযোগে কারখানায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।