এতে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় যানবাহন ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঘাটসংলগ্ন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও নদীর পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরের বসতবাড়িগুলো নিয়েও উদ্বেগ বেড়েছে।

গতকাল জেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে বরগুনা-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটে। দুই ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি দিয়ে যানবাহন পারাপারে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বরগুনা-পুরাকাটা ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী সেলিম খান বলেন, ‘সকালে যে পরিমাণ পানি ছিল দুপুরে তা আরো বেড়েছে। দুর্যোগ এলেই আমাদের একই দুর্ভোগে পড়তে হয়। এখানে একটি সেতু নির্মাণ করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।’

আরেক যাত্রী আহসান হাবীব বলেন, ‘‌প্রতি বছরই এমন পরিস্থিতি হয়। পাথারঘাটা থেকে কেউ গুরুতর রোগী নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে যেতে চাইলে অনেক সময় তা সম্ভব হয় না। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।’

বড়ইতলা ফেরিঘাট এলাকার মো. আজিজ বলেন, ‘‌উঁচু জোয়ার এলেই নদীর পানি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে। ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার একই অবস্থার মুখোমুখি হতে হয়।’

এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারের কারণে বরগুনা ফেরিঘাটের গ্যাংওয়েটি সাময়িকভাবে পানির নিচে তলিয়ে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছি। জোয়ারের পানি নেমে গেলে গ্যাংওয়ের কারিগরি অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত ও সংস্কার করা হবে। এছাড়া স্থায়ী সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হবে।’

বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ বলেন, ‘জোয়ারের পানিতে জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যে কারণে বরগুনা ফেরিঘাটের গ্যাংওয়ে সাময়িকভাবে পানির নিচে তলিয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ফেরি কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।’