নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডেনমার্কভিত্তিক বহুজাতিক জুস ব্র্যান্ড সানকুইকের কারখানা উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার বড়সদারদী গ্রামে নির্মিত কারখানাটির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। দেশীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেড ও ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো যৌথ অংশীদারত্বে এ কারখানা স্থাপন করেছে। 

উদ্বোধনী অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জাতীয় সংস‌দের হুইপ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, কো-রো এ/ এস-এর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন, কো-রো এ/ এস-এর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন রোওন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিলস রনোসহ উভয় কোম্পানির কর্মকর্তারা। 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের কৃষিপণ্যের বাজারে বিদেশী বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে পণ্যের বৈচিত্র্য এসেছে। 

এসিআই কো-রো স্থানীয় উৎস থেকে আমের পাল্প সংগ্রহ করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে তারা বিশেষজ্ঞ জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এটি প্রশংসনীয়।’