জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, সকাল থেকে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতাসহ মোট তিন প্রার্থী এ নির্বাচনে লড়াই করছেন। অপর প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন (লাঙল) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরগাড়ি)।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৩৪৩ ও নারী ভোটার রয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৪৩৭ জন। মোট ১৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আট প্লাটুন র্যােব, চার প্লাটুন বিজিবি, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য, চারজন পুলিশ ও একজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি।
গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।









