টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১২ জন করোনায় সংক্রমিত হলেন। একই দিন জেলায় আরো ৫২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৫ জনে। 

নতুন করে শনাক্ত আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরের ২৯ জন, নাগরপুরে দুজন, মির্জাপুর তিনজন, বাসাইল সাতজন, কালিহাতী সাতজন, ভুয়াপুর একজন ও ধনবাড়ির তিনজন রয়েছেন।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি নিজে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গনমাধ্যমকে অবহিত করেন। তিনি এখন তার সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান।

টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ২৯৬ জন।