সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫টি স্বর্ণবারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। গতকাল সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে স্বর্ণবার আটক করা হয়। আটক হোসাইন আহমদ (২০) গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজারের বাসিন্দা।
এনএসআই ও শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে, এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথ তল্লাশি চালিয়ে সিভিল এভিয়েশনের সহায়তায় স্বর্ণসহ হোসাইন আহমদকে আটক করে। আটক করা স্বর্ণের ওজন ১২ কেজি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, কর্তৃপক্ষ স্বর্ণসহ একজন আটকের বিষয়টি জানিয়েছে।










