দিনাজপুরের নবাবগঞ্জের শালখুরিয়া এতিমখানা ও মাদরাসার ছাত্র আবু মুসাকে (১১) নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে মাদরাসাটির অদূরে একটি খাল থেকে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। নিহত আবু মুসা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের শাহিন ইসলামের ছেলে। 

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, আজ রবিবার সকালে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের ইউনিয়ন ভবনের পার্শ্বে শালখুরিয়া এতিমখানা মাদরাসার অদূরে একটি খালের পাশে আবু মুসার মরদেহ পড়ে আছে স্থানীয়দের মাধ্যমে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের হাতের কব্জির মাংস অনেকটা ছিঁড়ে গেছে, এছাড়াও নখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।