জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ, তা-ও দুই ম্যাচ হাতে রেখেই! স্বাগতিকরা গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে অতিথি দলকে হারিয়েছে ৯ রানে। নাজমুল হোসেন শান্তর দল সিরিজে এখন ৩-০-তে এগিয়ে। ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা  জাতীয় স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ স্বাগতিকদের জন্য রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।  

স্বাগতিকরা টস হেরে ব্যাটিং করতে নেমে ২৯ রানের মধ্যে হারায় লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। বলও ততক্ষণে ২৮টি গড়িয়েছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটেই শেষ পর্যন্ত দেড়শোর্ধ্ব পুঁজি পায় স্বাগতিকরা। এই রান তাড়া করতে নেমে ৯১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে অতিথিরা। যদিও নবম উইকেটে ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাদজার দুর্দান্ত ব্যাটিং জিম্বাবুয়ের জয়ের আশা জাগায়। যদিও জেতা হয়নি তাদের। শেষ ৫ বলে ২১ রান তোলার চ্যালেঞ্জে হেরে যায় জিম্বাবুয়ে। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ। এর আগে তাদিওয়ানাশে মারুমানি ২৬ বলে ৩১, জোনাথন ক্যাম্পবেল ১০ বলে ২১ ও মাসাকাদজা ১৪ বলে ১৩ রান করেন।