একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার দলটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, সংবিধান সংশোধন করতে চাই। সংবিধান সংস্কারের কথা কখনই বলিনি। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে এবং নির্বাচনী ইশতাহারে যা ছিল, তার ভিত্তিতেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু নেতা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও উত্তেজিত করার চেষ্টা করছেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালার হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপিও শুরু থেকেই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের অঙ্গীকার করে আসছে।’

তবে গণভোট ও উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং দলটি এসব প্রস্তাবের সঙ্গে কখনই একমত ছিল না বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে নির্বাচিত সরকার নিজেদের নির্বাচনী ইশতাহার অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করবে। ‘আমরা যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সেটি আমাদের অবস্থান ও ব্যাখ্যা অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন একজন প্রকৃত গণতন্ত্রমনা, অসাধারণ রাষ্ট্রবিজ্ঞানী ও দেশপ্রেমিক। একটি উদার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন এবং দেশের মানুষের মুক্তি ও কল্যাণে কাজ করে গেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য দেন এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক আবদুল লতিফ মাসুম। এছাড়া অন্যান্য বক্তার মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, লেখক আবুল কাশেম হায়দার, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক এবং দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।