মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক, খামারি ও উৎপাদকের কল্যাণ নিশ্চিত করা। শুধু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

আজ সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরো বলেন, দেশে উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। উৎপাদক অনেক সময় জানেন না কোথায় কী পরিমাণ চাহিদা রয়েছে, আবার ভোক্তার কাছেও উৎপাদিত পণ্য সময়মতো পৌঁছায় না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কৃষক ও খামারিরা বঞ্চিত হন। এ ব্যবধান কমাতে সরকার কাজ করবে।

কৃষিখাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গবেষণা ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। এ কারণে সরকার ভবিষ্যতে কৃষি ও প্রাণিসম্পদ খাতে গবেষণা কার্যক্রমে আরও বেশি বিনিয়োগ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।