চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের অবৈধ রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রাম থেকে এ রূপাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এদিন দুপুর ১২টা ৩৪ মিনিটে পাঠানো মেইল বার্তায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারই নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি দল পীরপুরকুল্লা গ্রামের আশকর মণ্ডলের আম বাগানের মধ্যে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করেন। বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ধাওয়া করলে সে তার হাতে থাকা একটি বস্তা ভুট্টা খেতে ফেলে ভারতে পালিয়ে যান। ওই বস্তাটি তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ছোটবড় ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের রূপা জব্দ করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করা হয়েছে। জব্দ করা রূপা পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।










