দেশে অসংক্রামক রোগে ৭০ ভাগ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান জাকারিয়া। তিনি বলেন, ‘এর মধ্যে ডায়রিয়ার কারণে মৃত্যু রয়েছে চার নম্বরে। তাই আমাদের গবেষণার মাত্রা বাড়াতে হবে। আমাদের গবেষণার সময়সীমাও পরিবর্তন করা দরকার, এখন আমাদের সময় দেয়া হয় এক বছর।’
বিএফএসএ আয়োজিত গবেষণার প্রাক-অবহিতকরণ সেমিনারে তিনি এ কথা বলেন। রাজধানীর শাহবাগে গতকাল বিএফএসএর নিজস্ব কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সেমিনারে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ জন বিজ্ঞানীকে গবেষণার দায়িত্ব দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারা এক বছর গবেষণা শেষে প্রতিবেদন জমা দেবেন।
কর্তৃপক্ষের জনস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সদস্য ড. মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাকারিয়া।
কর্তৃপক্ষের সাবেক পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা বলেন, ‘মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহ করাও একটি ইবাদত। এর আগে ১৩টি দুধের স্যাম্পলের মধ্যে ১১টিতে হেভি মেটাল পাওয়া গিয়েছিল। এটি নিয়ে কাজ করায় তা থেকে উত্তরণ হয়েছে। বর্তমানে ১০টি গবেষণায় অর্থায়ন করা হচ্ছে। আশা করি, দেশের খাদ্য ব্যবস্থায় এটি বড় অবদান রাখবে। স্ট্রিট ফুডগুলোয় নানা ধরনের রঙ ব্যবহার করে খাবারকে আকর্ষণ করে তোলা হয়। এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’










