বরিশালে করোনার ভ্যাকসিন সংরক্ষণের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সেও ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল সিভিল সার্জন। শুধু গর্ভবতী ও ১৮ বছরের কম বয়সীরা এ ভ্যাকসিনের আওতায় পড়বে না বলে জানান তিনি।

যারা ভ্যাকসিনের আওতায় পড়বে তাদের তথ্য একটি অ্যাপসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ভ্যাকসিন প্রয়োগে স্বাস্থ্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে হাসপাতাল থেকে এ ভ্যাকসিন দেয়া হবে। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংবাদকর্মী, বয়স্ক ও সরকারের তালিকাভুক্তরা।

সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভ্যাকসিন রাখার জন্য স্টিলের সেলফ বসানো হয়। একই কক্ষে আইস ল্যান্ড রেফ্রিজারেটর (আইএলআর) সিস্টেমেও ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। কক্ষে ভ্যাকসিন সংরক্ষণের ধারণক্ষমতা এক লাখ থেকে সোয়া চার লাখ পর্যন্ত এবং আইএলআরে ধারণক্ষমতা ৭ হাজার ১০০ ভায়েল। প্রতিটি ভায়েলে ১০টি করে ডোজ থাকবে।