আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়নকাজ চলমান রয়েছে।
গতকাল দুপুরে ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
এতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ।
তাই সবাইকে সচেতন থাকতে হবে।
সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না।
পরে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ প্রমুখ।










