টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিশু ধর্ষণ মামলার এক আসামিকে ফেনীর লালপোল থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ময়মনসিংহের র‍্যাব-১৪ ও ফেনীর র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মোজাম্মেল হোসেন (৩২)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৭ জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় গত ৫ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় এজহারভুক্ত আসামি মো. মোজাম্মেল হোসেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ফেনীর র‍্যাব-৭ ও ময়মনসিংহের র‍্যাব- ১৪ যৌথ অভিযান চালায়। এ সময় তাকে ওই এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মো. সাদেকুল ইসলাম জানান, টাঙ্গাইলে ধর্ষণ মামলার আসামি মোজাম্মেলকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।