হিমাগারের ভাড়া কমানোসহ ছয় দফা দাবিতে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন আলুচাষীরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে আলুচাষী সংগ্রাম কমিটির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, আলুচাষী জমশেদ আলী, রেজওয়ান শাহ, তছলিম উদ্দিন, রানা মিয়া, লক্ষীকান্ত রায়, মইনুল ইসলাম ও নাসির উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী হওয়ায় এ বছর বাম্পার ফলন হয়েছে। তবে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা লাভের মুখ দেখতে পারছেন না। ব্যবসায়ী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে দাম কমিয়ে দিয়েছে। অন্যদিকে হিমাগারে আলু সংরক্ষণ করতে চাইলে মালিকদের যোগসাজশে ভাড়া দ্বিগুণ করা হয়েছে। গত বছর এক বস্তা আলুর সংরক্ষণ খরচ ছিল ২৮০ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ টাকা। প্রশাসনের তদারকি না থাকায় হিমাগার মালিকরা ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছে বলে অভিযোগ করেন চাষীরা।

সমাবেশে আলুচাষী সংগ্রাম কমিটি দাবি জানায়, হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা বাতিল করে দেড় টাকা নির্ধারণ করতে হবে। অগ্রিম বুকিংয়ের নামে বস্তাপ্রতি ১০০ টাকা আদায় বন্ধ করতে হবে। সরকারকে প্রতিটি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ করতে হবে। কৃষকদের জন্য হিমাগারে ৬০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি সরকারকে আলু রফতানির উদ্যোগ নিতে হবে।

সমাবেশে দ্রুত সময়ের মধ্যে হিমাগার মালিক, আলুচাষী ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথসভা আয়োজনের দাবি জানানো হয়।