গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন।
মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে নারীর মরদেহের ময়নাতদন্ত নারী কর্মীদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন গত ৩০ জুন রিটটি করেন। তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
শুনানি শেষে আবেদনকারী আইনজীবী মনির উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে, নারীর মরদেহের ময়নাতদন্তে নারী ডোম কেন নিয়োগ দেয়া হবে না। তাদের এ বিষয়ে রুলের জবাব দিতে হবে।’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, ‘দেশের সরকারি হাসপাতালগুলোর মর্গে নারী ডোম নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেয়া হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন আদালত।’
রিট আবেদনে বলা হয়, দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেসব হাসপাতালে একজন করে নারী ডোম নিয়োগের বিষয়ে গত ১৩ মে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়ায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।










