কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন সম্মেলন সামনে রেখে বিদেশী বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন কমনওয়েলথ বিজনেসওমেনস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আরিফ জামান।

সোমবার (৫ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। এক্ষেত্রে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিশ্বের উৎপাদনকেন্দ্র হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষার কথাও আলোচনায় আসে।

এছাড়া বাংলাদেশের কৃষি ও গ্রামীণ ব্যবসা শক্তিশালী করা, নীল অর্থনীতির টেকসই সম্ভাবনা, নবায়নযোগ্য জ্বালানি এবং পুনর্ব্যবহারভিত্তিক অর্থনীতির সুযোগ নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। নারী উদ্যোক্তাদের নিজেদের সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে এ ফোরামের পরিসর নিয়েও আলোচনা করেন তারা।