চুয়াডাঙ্গায় প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে বিদ্যালয় প্রাঙ্গণে তন্ময় আহম্মেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। গতকাল দুপুর ১২টার দিকে শহরের গুলশান পাড়ায় আল-হেলাল ইসলামী একাডেমি চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তপু শহরের নুরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। নিহত তপু ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার আগে সে একাডেমির বিদায় অনুষ্ঠান স্থলের পেছনে দাঁড়িয়ে ছিল। এ সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয় এক বখাটের। এরপর দুপুর ১২টার পর তিনজন বখাটে একটি মোটরসাইকেলে এসে তপুকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আল সালান তাকে মৃত ঘোষণা করেন।









