সরকারি তিনটি কোম্পানি দেশীয় গ্যাস উত্তোলন ও অনুসন্ধান করে থাকে। সম্প্রতি মন্ত্রণালয় ও পেট্রোবাংলা যে পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার করছি। এর মধ্যে ২৯টি কূপের কাজ এরই মধ্যে হয়েছে এবং এখনো কাজ চলমান রয়েছে।
বর্তমান সরকার বাপেক্সকে শক্তিশালী করতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে। আমাদের পাঁচটি রিগ এখন চলমান। আরো দুটি রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছি, তাতে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস যুক্ত হবে।
রূপগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদন বন্ধ ছিল। সম্প্রতি আমরা এখানে ওয়ার্কওভার করেছি। এখান থেকে আমরা ছয়-সাত মিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারব, যদিও এটা চাহিদার তুলনায় খুবই কম। এছাড়া বাখরাবাদ গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ আমরা ওয়ার্কওভার করেছি; সেটির পরীক্ষা চলছে এখনো। আশা করছি এখান থেকেও ৮-৯ মিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারব। সেমুতাং গ্যাস ক্ষেত্রেও আমরা সম্প্রতি ওয়ার্কওভার করে গ্যাস বৃদ্ধি করেছি।
আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। যদিও এ স্বল্প পরিমাণ দিয়ে পুরো চাহিদা পূরণ করা সম্ভব নয়। আগামীতে যদি আমরা ভালো কিছু পেয়ে যাই, তাহলে সেভাবে সরবরাহ করতে পারব বলে আশা করছি।














