বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৩ বছরেও জাতি স্বাধীনতার স্বাদ পেল না। এর আগেও ৪৭ সালে স্বাধীন হয়েছিল তখনো পায়নি। এখন ২৪-এর আগস্টের পর মানুষ বুক পেতে দিয়ে গুলি নিয়ে আশা করেছিল সমস্ত দুঃশাসন ও দুর্নীতির অবসান হবে। কিন্তু আমরা দুঃশাসন ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারিনি।
তিনি বলেন, কোনো যুগেই যুবকরা দুর্নীতি এবং দুঃশাসন সমর্থন করে না। বরং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ করে হয় শহীদ না হয় গাজী হয়।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণজমায়েতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি যে দলের নেতাকর্মী খুন হয়েছে তা হলো জামায়াতে ইসলামী। ১০ জনকে খুন করে আজহরুল ইসলামকে বাঁচিয়ে রেখেছে। আফসোসের বিষয় বাংলাদেশ ফ্যাসিবাদকে তাড়াল। কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো তার ওপরে রয়ে গেছে। জামায়াত নেতা আজহরুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ তারিখে আমি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করব। ১৩টি বছর তিনি কারাগারের অন্ধকারে রয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই আজহারুলকে মুক্তি না দিলে দেশের ৩ কোটি প্রাপ্তবয়স্ক জামায়াত সমর্থককে জেলে নিতে প্রস্তুত হোন।
তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে ততদিন রাজার হালতে থাকে। যখন ক্ষমতা হারিয়েছে তখন তারা গর্তের ইঁদুর। এমন রাজনীতিকে ঘৃণা করি, যে রাজনীতি করতে গিয়ে দেশ থেকে পালাতে হয়। এমন জীবন গঠন করি, ফাঁসির দড়িতে ঝুললেও সম্মানের হয়। আবু সাঈদের মত বুক পেতে গুলিতে মরলেও সম্মানের হয়।
তরুণদের হাতে বাংলাদেশের দায়িত্ব দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হয়। ২৪ আগস্ট তোমাদের জেগে ওঠার কারণে আল্লাহ আমাদের আপাতত বাঁচিয়ে দিয়েছে। চির মুক্তির জন্য আবার জেগে ওঠো।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীমসহ জাতীয় ও স্থানীয় নেতারা।










