জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।

কনস্যুলেটের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ আগস্ট নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় আমন্ত্রিত অতিথি নূর হোসেন প্রামাণ্যচিত্রের একটি বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে আরো দু-একজন আমন্ত্রিত অতিথি প্রতিক্রিয়া জানান। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য কনস্যুলেট দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ঘটনার পর কনসাল জেনারেল নূর হোসেনকে কনস্যুলেটে আমন্ত্রণ জানান এবং উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন।

কনস্যুলেট বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা একটি সর্বজনীন ও মৌলিক অধিকার। কোনো মতামতের সঙ্গে একমত বা ভিন্নমত পোষণ করা স্বাভাবিক হলেও সবার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্যুলেট মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং এ অধিকারটির মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

তবে রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখাকেও গুরুত্ব দেয়া হয় বলে জানিয়েছে কনস্যুলেট। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংযম, দায়িত্বশীলতা ও সহযোগিতাও প্রত্যাশা করেছে কনস্যুলেট।

বিবৃতিতে আরো জানানো হয়, ভবিষ্যতে কনস্যুলেট আয়োজিত অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণপত্র ও শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের তালিকার ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি, অনুষ্ঠানের সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নেয়া হবে।

পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে ভবিষ্যতেও কনস্যুলেটের সব অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে কনস্যুলেট।