নয়াপল্টনে তালাবদ্ধ বিএনপির প্রধান কার্যালয় ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) সকালে এমন চিত্র দেখা যায়।

বিএনপি কার্যালয়ের কর্মীরা জানান, গতরাত থেকে তাদেরকে বের করে দিয়ে পুলিশ অফিসের নিয়ন্ত্রণ নেয়, পরে সেখানে অভিযান চালায়। এরপর থেকে তারা সেখানে যেতে পারছেন না। নিরাপত্তামূলক ফিতা দিয়ে রেখেছে পুলিশ।

পল্টন ঘুরে দেখা যায়, বিএনপি কার্যালয়ের দুই পাশে পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান করছেন। এছাড়া কার্যালয়ের সামনের অংশ নিরাপত্তামূলক হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। অফিসের পাশের ফুটপাত ধরে যাওয়া পথচারীদের ফুটপাত বাদ দিয়ে ঘুরে যেতে বলছে পুলিশ।

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকারসমর্থক সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, প্রাণ যায় অন্তত ছয়জনের। রাতে নয়া পল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালায়।

ওই অভিযান শেষে দেশী-বিদেশী অস্ত্র, পাঁচ শতাধিক লাঠিসোঁটা, কয়েক বোতল পেট্রল ও ককটেল উদ্ধার করার কথা বলা হয় পুলিশের তরফ থেকে। এছাড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার পরপর ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে পুলিশের অভিযানকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ‘নোংরা নাটক’ আখ্যায়িত করেন।