স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক এ নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’
গতকাল দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উপদেষ্টা বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে দেশবাসী একটি স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় ছিল। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব জায়গায় অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমরা আশাবাদী, ভোট শেষ হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।’
এর আগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর বারিধারা ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোট দেন।









