বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুই জেলেকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছেন। জেলার হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের আজাদ সরকারের মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে গতকাল সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।
আহত জেলে মেমানিয়া ইউনিয়নের আবুল সরদারের ছেলে রবিউল (১৮) ও চরকিল্লার মফিজ সরদারের পুত্র ওসমানের (২৫) তথ্য মতে, তারা প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় তাদের জেলে নৌকায় বজ্রপাত হয়। তখন পাঁচ জেলে নৌকায় অবস্থান করছিল। এদের মধ্যে তিন জেলে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ তিন জেলের মধ্যে চর মেমানিয়া গ্রামের সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার (২৫), খলিল
রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী (৩৫) একই গ্রামের বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার (১৮)।
নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার জানায়, বজ্রপাতের সময় নদীর কিনারায় থাকা জেলেরা দেখতে পেয়ে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে দুই জেলেকে অচেতন অবস্থায় মাছ ধরার নৌকা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে আসে। বেঁচে থাকা দুই জেলে জ্ঞান ফেরার পরও কিছুই বলতে পারেনি নিখোঁজ তিনজনের ব্যাপারে।










