রাজশাহীতে চুরির অপবাদে দুই নির্মাণ শ্রমিককে নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখা নগরীর গণকপাড়া মোড় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে কয়েকশ নির্মাণ শ্রমিক অংশ নেন। 

সমাবেশ থেকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দুই শ্রমিক হত্যার বিচার না হলে সারা দেশে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হবে।

গত বৃহস্পতিবার রাজশাহী নগরীর সপুরা বিসিক শিল্প এলাকার এক বাড়ির ছাদে বেঁধে রেখে দুই নির্মাণ শ্রমিককে দিনভর নির্যাতন করা হয়। বিসিকের মডার্ন ফুড নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক মো. আবদুল্লাহর বাড়িতে ওই শ্রমিকরা কাজে গিয়েছিলেন। বাড়ি থেকে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগে তাদের নির্যাতন করা হয়। রাত ৯টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগেই এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। আরেকজন মারা যান ঘণ্টাখানেক পর। নিহত দুই শ্রমিক হলেন নওগাঁর মান্দা উপজেলার মগনিয়া গ্রামের মো. আতাউর (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের রাকিবুল ইসলাম রাজু (৩৫)।