আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু, ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলসহ বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো আজকে আক্রান্ত। বিদেশীরাও পরিদর্শন করে স্তম্ভিত হয়েছে, এ রকম ধ্বংসযজ্ঞ কি করে সম্ভব তা বলেছে। এ থেকে প্রমাণিত হয় ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত তাদের সেই চির পরিচিত আগুন সন্ত্রাস মাঠে নেমেছে। অর্জনগুলোকে ধ্বংস করতে পাঁয়তারা করছে।’ 

গতকাল তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিরপুর, পল্লবী, বাড্ডা, মুগদা—এ চার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘লন্ডনে পলাতক, খুনি জিয়ার পুত্র তারেক রহমান অর্থ এবং‍ নির্দেশ দিয়ে সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি, সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের ও হত্যাযজ্ঞের দায় তাদের। যারা সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর।’

সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে, বিএনপি-জামায়াতের সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের প্রতিও আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন। তদন্ত কমিশন কাজ শুরু করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।