ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা।
গতকাল সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
অপহূত শিক্ষার্থীর বাবা জানান, শনিবার বিকালে তার মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরো কয়েকজন তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।










