ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুড়তলা গ্রামের ভারানি খাল খননের দাবিতে দেড় শতাধিক কৃষক মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১১টার দিকে ওই এলাকার কোলায় (মাঠ) এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মালেক সিকদার, ইউসুফ আলী হাওলাদার, সোহরাফ হাওলাদার, বারেক সিকদার, সুলতান ফকির, মজিবর রহমান হাওলাদার, মজিবুর রহমান খান প্রমুখ। বক্তারা জানান, কয়েক বছর ধরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে পশ্চিম বাদুড়তলা গ্রামের দুটি মাঠে চরম পানি সংকট দেয়া দিয়েছে। এতে কৃষকরা সঠিক সময়ে বীজতলা করতে পারছেন না এবং অন্যান্য ফসল ও সবজি চাষও ব্যাহত হচ্ছে। বর্তমানে পানি না ওঠায় বীজতলা করতে না পারায় ধান চাষ নিয়ে শঙ্কিত কৃষকরা। বক্তারা আরো জানান, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনের খালটি থেকে ইউসুফ আলী ও সিদ্দিকের বাড়ির মধ্য দিয়ে দক্ষিণে প্রায় এক কিলোমিটার এ খালটি মাঠের ভেতর দিয়ে বয়ে গেছে। কিন্তু দীর্ঘদিনে খনন না হওয়ায় কৃষি জমির পলি পড়ে ভরাট হয়ে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। বর্তমানে স্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করছে না এবং বর্ষার দিনে পানি নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে দুই মাঠের ২০০ একরেরও বেশি জমির মালিকরা বিপাকে পড়েছেন। কৃষকদের অভিযোগ, ওই এলাকার শাহ জাহান ও কালাম হোসেন তাদের জমির কালভার্ট ভরাট করে রেখেছেন। এতে পানি ওঠা-নামা করতে পারছে না। অভিযোগের বিষয়ে শাহ জাহান জানান, কেউ কালভার্ট ভরাট করেনি। এমনিতেই ভরাট হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চামিং তালুকদার জানান, খালটি খনন জরুরি হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
রাজাপুরে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুড়তলা গ্রামের ভারানি খাল খননের দাবিতে দেড় শতাধিক কৃষক মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১১টার দিকে ওই এলাকার কোলায় (মাঠ) এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।









