সিলেট নগরের আলিয়া মাদ্রাসার মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃতি পেয়েছে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি। এ কারণে নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ।

আজ শনিবার দুপুর ২টায় শুরুর কথা থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে উঠেন স্থানীয় নেতারা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত বৃহস্পতিবারে অনেক নেতাকর্মী সমাবেশস্থলে চলে আসেন। আজ তিনদিন চলছে তারা এখানে। অনেক কষ্ট করে তারা আছেন। নেতাকর্মীদের কষ্টের বিষয়টি বিবেচনা করে সমাবেশ আগেই শুরু করা হয়েছে। এ ছাড়া নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার জন্য আগ্রহী। এ কারণে স্থানীয়দের বক্তব্যের সুযোগ করে দেয়া হয়েছে।

জোহরের নামাজের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা নেতারা সমাবেশস্থলে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

এ দিকে আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। অনেকেই রাতে সমাবেশস্থলে অবস্থান করেছেন। শনিবার সকাল থেকে মিছিল সহকারে অনেকে যোগ দেন। যত সময় যাচ্ছে আলিয়া মাদ্রসা মাঠ ছাড়িয়ে চৌহাট্টা ও রিকাবীবাজারে বিস্তৃতি ঘটছে সমাবেশের।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণসমাবেশের সকল প্রস্তুতি গতকাল বিকেলের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে আগেই হাজির হন পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা।