যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় শ্রমিক, মেকানিক ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলের ২নং ইউনিটে একটি মোটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত। মুহূর্তে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে শ্রমিক ও মেকানিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ঝিকরগাছার দুটি ইউনিট ও যশোরের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের প্রায় ৪০ টন হেসিয়ান ক্লথ, ১৫টি মেশিনসহ ইউনিটের সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা জানান, সকালে মিলের একটি মোটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এদিকে লক্ষ্মীপুরে একটি খোলা ডিজেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তারা।
এদিকে আগুনে তেলের দোকানের পাশে থাকা একটি মাছের আড়ত পুড়ে ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা বা অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছাড়াই মজুচৌধুরীর হাটে বেশ কয়েকটি জ্বালানি তেলের দোকান রয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রঞ্জিত কুমার জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে জ্বালানি তেলের দোকান ও পাশে থাকা একটি মাছের আড়ত পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নির্ধারণ করা হবে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে তেলের দোকানে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।









