আমাদের ভরাডুবি হয়নি, জাতীয় পার্টিকে (জাপা) শেষ করার জন্য এত নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এক এক করে কোনো রাজনৈতিক দলকে টিকতে দেয়া হবে না, কাউকে ঘরে ঢুকিয়ে, কাউকে জেলখানায় ঢুকিয়ে, কাউকে মাঠে নামিয়ে শেষ করা হবে। বাংলাদেশে শুধু একটি দল থাকবে। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এ নীলনকশা অনুযায়ী দেশ চলছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রংপুর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জিএম কাদের।

সংসদে বিরোধীদল কে হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, এটা আমি জানি না, সাংসদদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে। সরকার জাতীয় পার্টির মধ্যে অন্তর্কোন্দলের সৃষ্টি করেছে। তাদের শীর্ষমহল থেকে আমাদের কিছু লোককে ঢুকিয়ে দেয়া হয়েছে। যারা আমাদের বিরোধিতা করবে, দলের বিরোধিতা করবে। সরকারের পারপাজ সার্ভ করবে। আমরা অনেক সমস্যা নিয়ে অগ্রসর হচ্ছি, টিকে থাকতে চাচ্ছি।

এ সময় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলেও মন্তব্য করেন জাপার চেয়ারম্যান।