সিরাজগঞ্জ জেলাকে সোলার পাওয়ারের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, সিরাজগঞ্জ জেলার মডেল অনুসরণ করে যেন সারা দেশে সোলার পাওয়ারের বিপ্লব ঘটে এবং সরকারের টার্গেট যেন অর্জিত হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে।
শুক্রবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ (পিক অনগ্রিড) প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং করা হয়। বর্তমানে এ রূফটপ সোলার প্রকল্প থেকে এখন পর্যন্ত ৬ দশমিক ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। প্রকল্পের অর্থায়ন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রকল্পে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড। নেসকো সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। গত ৯ জুলাই রুফটপ সোলার সিস্টেমটি নেট মিটারিং এর আওতায় আনা হয়।
এর আগে শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায়। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দেখানো আদর্শ পথ অনুসরণ করে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।










