আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে
বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কারের দাবিতে
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে তিনি এমন মন্তব্য
করেন। পুলিশের কড়াকড়ির মধ্যেই বাদ জোহর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর
গেটে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে
পারত। কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি
দেব।
গায়েবানা জানাজায় শরিক হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ
শাহজাহান, বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন
খোকন প্রমুখ।










