প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথাও কোনো বৈষম্য দেখতে চান না, প্রতিটি মুহূর্ত তিনি সবার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর উপরভদ্রায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষা হতে হবে জীবনমুখী। শিক্ষা অনুধাবন করতে হবে। অর্জিত শিক্ষা যদি কাজে না লাগে তাহলে সে শিক্ষার মূল্য কোথায়? শুধু শ্রেণীকক্ষে বসে গ্রহণ করা শিক্ষাই শিক্ষা নয়। শিক্ষা হতে হবে সব দিক থেকে—কমিউনিটি থেকে, পরিবেশ থেকে, মানুষ থেকে, প্রকৃতি থেকে। জ্ঞান যাতে বাস্তব জীবনে কাজে লাগানো যায়, শিক্ষা যেন জীবনচর্চার অংশ হতে পারে।’

মাদ্রাসা শিক্ষায় সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি কোথাও কোনো ধরনের বৈষম্য দেখতে চান না। তার কারণেই বিগত ১৫ বছরে মাদ্রাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাদ্রাসার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। আজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার যতটুকু উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধু ও তার কন্যার হাতেই হয়েছে।’

মাদ্রাসা শিক্ষার্থীরা কী পারে তা তারা প্রমাণ করে দিয়েছে মন্তব্য করে ডা, দীপু মনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীরা কোনো অংশে পিছিয়ে নেই। তারা বিজ্ঞান-প্রযুক্তি শিখছে। তারা বিজ্ঞান জানে—এটা তারা প্রমাণ করে দেখিয়েছে। তারা এখন মেধার পরিচয় দিয়ে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ তৈরি করে নিচ্ছে।’ এ সময় এবতেদায়ি উপবৃত্তি নিয়ে কাজ হচ্ছে জানিয়ে শিগগিরই এ ব্যাপারে সুসংবাদ দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।