পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে বাগেরহাট শহরের যদুনাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এ সময় পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আজম আলী মোল্লা পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
রমজানের স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে। আগে টিসিবির কার্ড প্রদান ছাড়া পণ্য পাওয়া যেত না। এখন থেকে সবাই স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে পারব। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। একজন ক্রেতা ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ৪৫০ টাকায় কিনতে পারছেন।
টিসিবির ডিলার মাসুদ রানা বলেন, সারাদেশে ৫ মার্চ স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। কিন্তু ৫ দিন পর আমাদের আজকে বিক্রি করতে হয়েছে। এ কারণে হয়তো আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। তারপরও প্রতিদিন ৪০০ পরিবারের কাছে কম মূল্যে পণ্য বিক্রি করতে পারব। উপকারভোগীরাও কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারছে। উপকারভোগীরাও খুশি হচ্ছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ কামরুল হাসান জানান, কিছুটা জটিলতার কারণে বিলম্ব হয়েছে। বাগেরহাট পৌরসভায় ৫ জন ডিলার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু করছে। আশা করি নিদিষ্ট সময়ের মধ্যে উপকারভোগীরা তাদের আশানুরূপ পণ্য কিনতে পারবেন। যদি সরকার সময় বাড়িয়ে দেয় তাহলে বাগেরহাটও পিছিয়ে থাকবে না। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৫০ টাকা।
সরকার পবিত্র রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য ১৯ মার্চ পযন্ত কার্যক্রমের ঘোষণা দেন।










