ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছয় বিঘা জমির গাছ ও কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। গত সোমবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, শেখপাড়া গ্রামের মৃত আকবর আলী মোল্লার পৈতৃক সূত্রে পাওয়া জমি ফরহাদ মোল্লা, শহিদুল ইসলাম, সেলিম মোল্লাসহ অন্য ওয়ারিশরা ১৯২৬ সাল থেকে ভোগদখল করে আসছেন। হঠাৎ করেই সোমবার থেকে একই গ্রামের বকুল জোয়ার্দ্দার জমি নিজেদের দাবি করে তার লোকজন নিয়ে গাছ কাটা শুরু করেন। দুই দিনে ছয় বিঘা জমির ছোট-বড় ২২৫টি মেহগনি, শিশু, ইপিলইপিল গাছ ও এক হাজার কলাগাছ কেটে ফেলেন। পরে বেশির ভাগ কাটা গাছ তারা নিয়ে যান। খবর পেয়ে পুলিশ গেলে তারা গাছ কাটা বন্ধ করেন।

ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম বলেন, আমাদের বড় বড় গাছ জোরপূর্বক প্রতিবেশী বকুল জোয়ার্দ্দার কেটে নিয়ে যাচ্ছেন। আমরা বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারধর করতে আসেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত বকুল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি পরে কথা বলব।’ শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।